যশোরে সেবিকার লাশ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ২৭ জুন ২০১৬, ২১:০২
যশোরের উপশহরের একটি বাসা থেকে সামিনা আক্তার মিনা (২৮) নামে এক সেবিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার বিকেলে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে মিনার স্বামী পলাতক রয়েছেন। স্বজনদের দাবি তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
 
সামিনা আক্তার মিনা যশোরের একতা প্রাইভেট হাসপাতালের সেবিকা ও ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের রুহুল আমিনের স্ত্রী। কর্মের সুবাদে তিনি উপশহরের সি-ব্লক এলাকার ৬ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন।
 
মৃতের মামা রিফাত রহমান হাসপাতালে সাংবাদিকদের জানান, মিনার মৃত্যুর ঘটনা প্রতিবেশিরা মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের জানান। খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে এসেছেন। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
 
যশোরের উপশহর পুলিশ ফাঁড়ির এসআই বিপ্লব হোসেন জানান, ঘরের মধ্যে খাটের উপর পড়ে ছিল মিনার লাশ। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।