ইত্তেফাক রিপোর্ট
মগবাজারে ট্রেনের ধাক্কায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। তার নাম মোশাররফ হোসেন (৫০)। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মগবাজার ওয়্যারলেসগেট রেলগেট এলাকায় দুর্ঘটনার শিকার হন মোশাররফ। ট্রেনের ধাক্কায় তিনি মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হলে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত আনসার প্লাটুন কমান্ডার মোশাররফ ডিএমপি রমনা থানায় কর্মরত ছিলেন। মোশাররফের সহকর্মী আনসার সদস্য বেলাল হোসেন বলেন, খিলগাঁওয়ে অবস্থিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয় থেকে বেরিয়ে আমরা দুইজন রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলাম। আমরা ওয়্যারলেস গেট এলাকায় পৌঁছালে সেখান দিয়ে একটি ট্রেন যাচ্ছিল। ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে আসে। ওই টেনের ধাক্কায় মোশাররফ নিচে পড়ে যান। তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করি। চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোশাররফের বাড়ি খুলনার রূপসা থানার আইচগাতি গ্রামে।
