চকরিয়ায় মাতামুহুরী সেতু ঝুঁকিপূর্ণ

আপডেট : ২৮ জুন ২০১৬, ০২:৪৩
চকরিয়া উপজেলার চিরিঙ্গা পয়েন্টে মাতামুহুরী সেতুর মাঝখানে ফাটলের সৃষ্টি হওয়া ক্ষতস্থানে অপরিকল্পিতভাবে উঁচু বিট নির্মাণ করেছে সড়ক বিভাগ। নির্মিত এ উঁচু বিটের কারণে সেতুতে আবারো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে সেতুটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।
 
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা মাতামুহুরী সেতুর মাঝখানে একপাশে চার বছর আগে দেবে যাওয়ার পর তার ওপর পাটাতন বসিয়ে যান চলাচল স্বাভাবিক রাখলেও আরেক অংশ দেবে যায়। সেই থেকে জোড়াতালির পাটাতন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখলেও গত মাসে ভারি বৃষ্টিতে ফের মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল। এ অবস্থায় সেতুর দুই প্রান্তে সড়ক বিভাগ লাল পতাকা উঁচিয়ে দিয়ে উভয় দিক থেকে আসা যানবাহনগুলোর চালককে সতর্ক করলেও তা দুর্ঘটনা এড়াতে কতটুকু কাজে আসবে তা নিয়ে সন্দিহান চালক, যাত্রী-সাধারণসহ সচেতন লোকজন।
 
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ১৯৬০ সালে চকরিয়া উপজেলার চিরিঙ্গার মাতামুহুরী নদীর ওপর ৩’শ মিটার আয়তনের দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। সেই থেকে এখন পর্যন্ত সেতুটি দেখভাল করে আসছিল সড়ক ও জনপথ বিভাগ।
 
কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ চকরিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. শহীদুল আলম বলেন, সেতুর মাঝখানের ফাটল স্থানে ইতোঃপূর্বে বসানো পাটাতনগুলো অতি বৃষ্টির কারণে গত মাসে সরে যেতে শুরু করে।
 
এ অবস্থায় সড়ক বিভাগের পক্ষ থেকে ব্যস্ততম এ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সরে যাওয়া পাটাতনগুলো নতুন করে স্থাপন করে দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে শহিদুল আলম বলেন, মাতামুহুরী সেতুর মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। সরকারের পক্ষ থেকে সেতুটি পুনর্নির্মাণে কয়েক মাস আগে একনেক সভায় অনুমোদনও হয়েছে।

 
তবে নতুন সেতুর নির্মাণ কাজ শুরু না হওয়া পর্যন্ত বর্তমান অবস্থাতেই যানবাহন চলাচল করতে হবে। তিনি আরো বলেন, যানবাহন চালকদেরকে সতর্ক করতে বর্তমানে সেতুর দুই প্রান্তে ঝুঁকি এড়াতে সাইনবোর্ড ও লাল পতাকা উঁচিয়ে দেওয়া হয়েছে।