সামান্য বৃষ্টিতেই স্কুল মাঠে জলাবদ্ধতা

আপডেট : ২৮ জুন ২০১৬, ০২:৪৫
কিশোরগঞ্জ উপজেলায় কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠটি অল্প বৃষ্টিতেই ডুবে যায়। এতে বর্ষাকালে চরম দুর্ভোগের শিকার হয় প্রতিষ্ঠানটির কোমলমতি শিক্ষার্থীরা।
 
পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বিদ্যালয় মাঠের পানি বের হতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠটি ডুবে যায়। এতে পচা পানিতে পা ভিজিয়ে প্রায় ১৫শ ক্ষুদে শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। অনেক সময় অধিকাংশ শিক্ষার্থী পা পিছলে পড়ে গিয়ে বই-খাতা ভিজিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। আবার অনেক শিক্ষার্থী এ কারণে বিদ্যালয়ে যেতে চায় না। বিদ্যালয় মাঠে পানি জমে থাকায় খেলার কোনো সুযোগ নেই।
 
কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম আজম বলেন, বর্ষাকাল আসলেই স্কুলের মাঠে পানি জমে থাকে। তাছাড়া স্কুলের চারিদিকে বিল্ডিং থাকায় পানি বের হয়ে যেতে পারে না।
 
কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাবুল হোসেন বলেন, স্কুল মাঠে পানি জমে থাকায় শিক্ষকসহ ছাত্র-ছাত্রীদের যাতায়াতের অনেক কষ্ট হয়।