ভাষানটেকের বাসায় আগুন, স্বামী-স্ত্রীসহ দগ্ধ তিন

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:১৪

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মিরপুরের পূর্ব ভাষানটেকের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন: মোঃ হান্নান (৩৫), তার স্ত্রী আছিয়া বেগম (২৮) ও আছিয়ার ভাই উজ্জল (৩০)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মিরপুর থেকে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ওই বাড়ির প্রতিবেশীরা অগ্নিদগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিবেশী শামসুল আলম জানান, রাতে বৈদ্যুতিক সুইচ ‘অন’ করার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হান্নান এবং আছিয়া গার্মেন্টস কর্মী। আছিয়ার ভাই উজ্জল পেশায় অটোচালক। ঢামেকের বার্ণ ইউনিটের চিকিত্সকরা বলেন, হান্নানের শরীরের ২৭ শতাংশ, আছিয়ার ৪ শতাংশ ও উজ্জলের ৩২ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার বাড়ি রাজশাহীর বাগমারা থানার দেওপাড়া গ্রামে।