এ বছরের শেষদিকে ঢাকায় আন্তর্জাতিক বইমেলা —সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:১৫

ইত্তেফাক রিপোর্ট

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, চলতি বছরের শেষের দিকে নভেম্বর-ডিসেম্বর মাসে ঢাকায় আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হবে। সেজন্য মন্ত্রণালয়ের পক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে? গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা ২০১৮ উপলক্ষে ‘শিক্ষিত জাতি গঠনে প্রকাশনা শিল্পের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। একইসঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িতদের জীবনমান উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. রতন সিদ্দিকী ও কলকাতার পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির পরিচালক আবুল বাশার ফিরোজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি কামরুল হাসান শায়ক ও বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সভাপতি শহীদ সেরনিয়াবাত।