নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দিনব্যাপী দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে উপজেলার ৮টি সরকারি দপ্তরের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো- প্রকল্প বাস্তবায়ন অফিস, সাব রেজিস্ট্রার অফিস, সমবায় অফিস, সমাজসেবা অফিস, ভূমি অফিস ও পল্লিবিদ্যুৎ অফিস। এই ৮টি দপ্তরের মধ্যে পল্লিবিদ্যুৎ ও ভূমি অফিসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার ড. নাসিম উদ্দিন আহম্মদ বলেন, সরকারি অফিস থেকে সেবা পাওয়া নাগরিকদের সাংবিধানিক অধিকার। ২০১৭ সালের মধ্যে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো জসিম উদ্দিন হায়দার এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আফসার গণশুনানি গ্রহণ করেন ও ভুক্তভোগীদের বক্তব্য শোনেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের ঢাকা বিভাগীয় উপ পরিচালক নাছিম আনোয়ার, নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক সূর্যকান্তদাস, সাধারণ সম্পাদক মো বশিরুল ইসলাম, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা, শিবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ খান ও সামসুল আলম ভূঁইয়া রাখিল, শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোসলেহউদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক নুরউদ্দিন মোঃ আলমগীরসহ রাজনৈতিক নেতা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকরা।
