‘বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা আরো সহজতর হবে’

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৫:০৮
‘বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভারতীয় ভিসা আরো সহজতর করা হবে। আগামীতে সিলেট মহানগরে নতুন করে আরো একটি ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপন করা হবে।’
 
মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মনিপুরী কমপ্লেক্স পরিদর্শনকালে এ কথা জানান।
 
হর্ষ বর্ধণ শ্রিংলা বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সামাজিকতা ও সংস্কৃতি প্রায় একই ধরনের। এর মধ্যে বাংলাদেশি মনিপুরীদের সংস্কৃতি খুবই সমৃদ্ধ। আগামীতে ভারতের রাজধানী দিল্লীতে আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় কমলগঞ্জের মণিপুরী নৃত্য শিল্পীদের আমন্ত্রণ জানানো হবে।’
 
এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহাজালাল, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর হক, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) খায়রুল আরম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন উপস্থিত ছিলেন।