আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন ব্রিটিশ ফুটবলার ওয়েইন রুনি। আইসল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড ২-১ গোলে হেরে ইউরো থেকে বিদায় নেওয়ার পর থেকেই এমন গুজব রটে।
ইউরেরা শেষ আটে খেলার লক্ষ্যে রুনির পেনাল্টি গোলে খেলা শুরুর চার মিনিটেই লিড নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু দুই মিনিট না যেতেই সমতায় ফেরে আইসল্যান্ড। এর ঠিক ১২ মিনিট পর আবার গোল খেয়ে বসে ইংল্যান্ড। শেষ পর্যন্ত তাদের আর সমতায় ফেরা হয়নি।
আইসল্যান্ডের কাছে হারের পর, ‘আমি হতাশ ও পুড়ে যাচ্ছি। এটা মেনে নেয়া কঠিন। এমন একটা ভালো শুরুর পর আমাদের এগিয়ে যাওয়ার ভালো সুযোগ ছিল। দু’টি গোল হজম করাটা ছিল খুবই হতাশাজনক। আমার মনে হয়, বর্তমান পরিস্থিতিটা দেখতে কঠিন কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল। আমি নিশ্চিত, কিছুটা সময় নিয়ে খুব শিগগিরই আমরা ঘুরে দাঁড়াবো।’
পরাজয়ের পর কোচের পদ থেকে পদত্যাগ করেন রয় হজসন। অবসরের গুঞ্জন ওঠে রুনিরও। তবে তা উড়িয়েই দিয়েছেন রুনি, তিনি বলেন, ‘আমি টুর্নামেন্ট শুরুর আগেই বলেছিলাম, ইংল্যান্ডের জার্সি গায়ে খেলতে পেরে আমি গর্বিত। পরবর্তী কোচ কে হবেন তা দেখার অপেক্ষায় আছি এবং দলে রাখলে নিজের সেরাটা দিতে আমি প্রস্তুত।’
