অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ভারতের সেরা ভ্রমণের জায়গাগুলো অন্যান্য দেশের তুলনায় ক্রমশ পিছিয়ে পড়ছে। এ কারণেই 'স্বচ্ছ ভারত' অভিযানের মাধ্যমে পর্যটন কেন্দ্রগুলোকে পরিষ্কারে এবার নতুন পদক্ষেপ নিলো ভারত সরকার।
আগ্রা, বারানসি, আজমির শরিফের মতো জায়গায় প্রতি বছর দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক যান। বিদেশের পরিচ্ছন্নতার সঙ্গে যার কোনও তুলনাই হয় না। পর্যটকদের জন্য যে পরিচ্ছন্নতা থাকা দরকার ততটা পরিচ্ছন্ন নয় কোনও জায়গা। এ লক্ষ্যে মিনিস্ট্রি অব ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন-এর সচিব পরমেশ্বর আইয়ার বলেন, ‘‘সাময়িকভাবে এই অভিযানে আমরা ১০টি জায়গাকে বেছে নিয়েছি। ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে টেকনিক্যাল সাপোর্টও নেওয়া হবে। সব জায়গাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে।’’
এর পর সেই তালিকায় যুক্ত হবে বেশ কয়েকটি অভয়ারণ্য। প্রথম ধাপে দুইটি অভয়ারণ্য রাখা হলেও পরে সেই তালিকায় যুক্ত হবে কানহা, নাগারহোল, পেরিয়ার, সারিস্কা, জিম করবেটের মতো অভয়ারণ্যগুলো। -আনন্দবাজার
