বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না ------- তোফায়েল

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:২২

ভোলা প্রতিনিধি

আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আলহাজ তোফায়েল আহমদ বলেছেন, বাংলাদেশ সৃষ্টি করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশের জন্ম হতো না।  তিনি বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু ছিলেন। যার জন্য তিনি শুধু বঙ্গবন্ধু নন,  বিশ্ববন্ধু। কারণ তিনি ছিলেন সারা বিশ্বের নিপীড়িত মানুষের প্রাণপ্রিয় নেতা।

বুধবার বিকালে ভোলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন । ভোলা জেলা পুলিশ সুপার মো: মোকতার হোসেনের সভাপতিত্বে   বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত  আইজিপি মোখলেসুর রহমান । এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য জেলা পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ । 

এসময় তোফায়েল আহমদ আরো বলেন , ২০২০ সাল বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং ২০২১ সাল স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী । আমরা তাই ২০২০-২০২১ সালে বছরব্যাপী মুজিববর্ষ পালন করব । জাতির পিতার স্বপ্ন বাংলাদেশের সকল গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে । বাংলাদেশকে একটি ডিজিটাল দেশে রূপান্তরের মাধ্যমে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠার পথে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। তাই পৃথিবীর মানুষ এখন বলতে শুরু করেছে বিস্ময়কর উত্থান এই বাংলাদেশের।