ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের মেডিক্যাল ক্যাম্প
ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, চিকিত্সা একটি মানবিক পেশা। এ দেশের চিকিত্সকরা মানবিক চেতনা নিয়ে কাজ করেন। চিকিত্সকের পাশাপাশি মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল বুধবার ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) আয়োজিত কিডনি-ইউরোলজি ও নিউরোমেডিসিন বিষয়ক দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শেষ দিনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাডভান্স সেন্টার অব কিডনি অ্যান্ড ইউরোলজির (আকু) সৌজন্যে ফ্রি এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইসির সভাপতি জাকির হোসেন ইমন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক। মেডিক্যাল ক্যাম্পের সমন্বয় করেন কোষাধ্যক্ষ আবু কাউছার খোকন। উপস্থিত ছিলেন আকুর চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহরাব হোসেন সৌরভ, পরিচালক মেজর (অব.) ডা. তৌফিকুল মুনিম এবং সহযোগী অধ্যাপক ডা. মো. ফজল নাসের, সহকারী অধ্যাপক ডা. কাজী আবদুল্লাহ আল-মামুন প্রমুখ।
