স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজ ১০ আপডেট হয়ে কম্পিউটার ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় এক নারীকে ১০ হাজার ডলার জরিমানা দিয়েছে। টেরি গোল্ডস্টেইন নামের ওই নারী মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।
টেরি জানান, তার উইন্ডোজ ৭ ভার্সনের কম্পিউটার তার অনুমতি ছাড়াই উইন্ডোজ ১০-এ আপগ্রেড হয়। এই আপগ্রেড তার কম্পিউটারকে অস্থিতিশীল করে ফেলে যার জন্য তার ব্যবসার কাজে ব্যবহারের এই কম্পিউটার ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। আদালতে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হলে মাইক্রোসফট আইনি খরচ বাচাতে ওই নারীকে জরিমানা প্রদান করতে সম্মত হয়।
সিয়াটল টাইমসকে দেয়া সাক্ষাতকারে টেরি বলেন, উইন্ডোজ ১০ ইনস্টল হওয়ার পরে আমার কম্পিউটার জম্বিতে পরিণত হয়। আমি এর আগে উইন্ডোজ ১০ এর নাম শুনিনি। কেউ আমাকে জিজ্ঞেসও করেনি যে আমার এই আপডেটের প্রয়োজন আছে কী না।
মাইক্রোসফট আগ্রাসীভাবে তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ প্রচলনের চেষ্টা করছে। বর্তমানে উইন্ডোজ ৭ ও ৮ পিসিতে এটি বিনামূল্যে আপগ্রেড করা যায়। তবে অনেক ব্যবহারকারী পুরোনো হার্ডওয়্যার ও ট্র্যাকিং ফিচার থাকার সম্ভাবনায় উইন্ডোজ ১০ ইনস্টল করতে সম্মত হচ্ছে না।
ফেব্রুয়ারিতে উইন্ডোজ ১০ সিকিউরিটি আপডেটের সঙ্গে জুড়ে দেয়া হয়। রিকমেন্ডেড আপডেট হিসেবে থাকায় এই আপডেট ব্লক না করা হলে স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজ ১০ আপডেট হয়ে ইন্সটল হয়ে যাচ্ছে। এইজন্য অনেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তাদের কৌশলে উইন্ডোজ ১০ ব্যবহারে বাধ্য করার অভিযোগ উঠেছে। বিবিসি।
