হার মানবে না সাইমুম

আপডেট : ২৯ জুন ২০১৬, ১৬:৫৪
সাইমুম ইফতেখার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এক বুক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখা ছেলেটার চোখে মুখে আজ দুঃস্বপ্ন। হাসিমুখ নিয়ে বন্ধুদের সারাক্ষণ মাতিয়ে রাখা ছেলেটা আজ শয্যাশায়ী। বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে জীবন বাঁচানোর সংগ্রামে লড়ছে সাইমুম।
 
ইতোমধ্যে সাইমুমের ছয়টা কেমো হয়ে গেছে। যার প্রতিটার পেছনে প্রায় এক লাখ টাকা করে খরচ হয়েছে। চিকিৎসকরা বলছেন ক্যান্সার ফুসফুসে পৌঁছালেই সাইমুমকে আর বাঁচানো যাবে না। এজন্য দ্রুত তার বাম পা কেটে ফেলতে হবে, যাতে ক্যান্সার ফুসফুস পর্যন্ত সংক্রমিত না হয়। ঈদের আগেই এ অপারেশন করতে হবে। এজন্য প্রয়োজন ১০ লাখ টাকা। কিন্তু এতদিনের চিকিৎসার খরচ বহন করতে করতে সাইমুমের পরিবার প্রায় অর্থশূণ্য।
 
তাই সাইমুমের পরিবার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি সবার ঈদের বাজেট থেকে সামান্য অংশ সাইমুমের জন্য বরাদ্দ রাখার অনুরোধ জানিয়েছেন তার বন্ধুরা।
 
সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ নম্বর ০১৮৬১২০৫০২৫ ও ০১৭৭৯৩৮৭৭৯০ (দুটোই পারসোনাল নম্বর)। এছাড়া সাইমুমের বিষয়ে জানতে ও সাহায্যের বিষয়ে তার বড় ভাই’র মোবাইল নম্বরে ০১৭৩০০৯৩৮৪৫ যোগাযোগ করা যাবে। ৩০ জুনের মধ্যেই সাহায্য পাঠানোর জন্য সাইমুমের পরিবার ও বন্ধুরা আহ্বান জানিয়েছে।
 
সবশেষে একটা কথা। স্ক্রাচের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে সাইমুম। হাঁটার চেষ্টা করছে। ফেসবুকে নিজের প্রোফাইলের কভারে সাইমুম ইফতেখার এরকম একটি ছবি দিয়েছেন। সঙ্গে একটা লাইন লিখে দিয়েছেন ছবির উপরে। সেই কথাটা এমন ‘শরীর হার মানিয়েছে, চিত্তকে পরাভূত করতে পারে নাই।’
 
সামান্য সাহায্য হয়তো সাইমুমের শরীরটাকেও জিতিয়ে দিতে পারে।