জঙ্গিবাদ ও সন্ত্রাস নারীর শত্রু: তথ্যমন্ত্রী

আপডেট : ২৮ জুন ২০১৬, ২০:১৯
তথ্যমন্ত্রী হাসানুল হক বলেছেন, 'জঙ্গিবাদ ও সন্ত্রাস নারীর শত্রু এবং নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখে। এটা নারীত্বের অপমান।'
 
মন্ত্রী মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা কুড়িগ্রাম রুরাল উইমেন ডেভেলপমেন্ট সেন্টার (কেআরডিসি) আয়োজনে 'অবহেলিত নারীর সংগ্রামী জীবন এবং কিছু কথা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
সংগঠনের সভাপতি বিউটি রানীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট আবু কাওছার, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট রেবেকা পলিনা গমেজ, সংস্কৃতি কর্মী যুঁথিকা রায় প্রমুখ।
 
তথ্যমন্ত্রী বলেন, 'নারী পুরুষের পাশাপাশি দাঁড়াতে পারে যদি তারা কিছু গুরুত্বপূর্ণ অধিকার ভোগ করতে পারে। সে অধিকারগুলো হলো সম্পদ পাওয়ার অধিকার, শিক্ষা পাওয়ার অধিকার, কর্ম পাওয়ার অধিকার এবং রাজনৈতিক ক্ষমতাকাঠামোতে প্রবেশের অধিকার।'
 
হাসানুল হক ইনু বলেন, নারীকে একদিকে কুসং¯কার ও ধর্মান্ধতা বর্জন করতে হবে। অপরদিকে সম্পদ,শিক্ষা,কর্মপাওয়ার অধিকার ও রাজনৈতিক ক্ষমতাকাঠামোতে প্রবেশের অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে নারীর মর্যাদা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। একাজে নারী ও পুরুষ উভয়কেই এগিয়ে আসতে হবে।
 
সাম্প্রদায়িক ধর্মতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা বলে ক্ষমতাহীন রেখে নারীকে মর্যাদাহীন করে রাখে তাতে কোন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ তৈরি হয়না উল্লেখ করে মন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ যথাযোগ্যভাবে নির্মাণ করতে হলে নারীর ক্ষমতায়ন ও নারীর বৈষম্য দূর করতে হবে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত ও নারীর বৈষম্য দূর করতে হবে।