বছরব্যাপী পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:২৩

রাজধানীর সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হলো ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরি আনলিমিটেড প্রকল্প ও গণগ্রন্থাগার অধিদপ্তরের এক বছরব্যাপী পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন “চলো গ্রন্থাগারে চলো-দেখি সম্ভাবনার আলো”।

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদমাধ্যম কর্মীসহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশীষ কুমার সরকার, বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম এবং আবদুল্যাহ হারুন পাশা, পরিচালক, গণগ্রন্থাগার অধিদপ্তর এবং যুগ্ম সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর কার্স্টি ক্রফোর্ড এবং ব্রিটিশ কাউন্সিলের অন্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ.জে.এম আবদুল্ল্যাহেল বাকী, পরিচালক গণগ্রন্থাগার অধিদপ্তর এবং যুগ্ম সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইনের নির্ধারিত ফেসবুক পেইজ facebook/ publiclibrarycampaign এ সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।

এই পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইনটি ঢাকাসহ বাংলাদেশের মোট ২৫টি জেলায় বাস্তবায়িত হবে। জেলাসমূহ হলো, ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, জামালপুর, কুমিল্লা, মুন্সীগঞ্জ, কক্সবাজার, ফরিদপুর, রাঙ্গামাটি, গোপালগঞ্জ, বান্দরবন, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, রাজশাহী, যশোর, পাবনা, খুলনা, রংপুর, কুষ্টিয়া, নীলফামারী, সিলেট, নারায়ণগঞ্জ এবং দিনাজপুর। -প্রেস বিজ্ঞপ্তি