পত্মীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৯ জুন ২০১৬, ১৪:৩১
নওগাঁর পত্মীতলায় ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।
 
মঙ্গলবার বিকেলে নজিপুর-সাপাহার সড়কের মাহমুদপুর ফরেস্ট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার জাহাঙ্গীরা পাড়া এলাকার নজর আলীর ছেলে নূর ইসলাম (৫৭) এবং একই উপজেলার বাগমার গ্রামের মোহাম্মদীর ছেলে অটোরিকশার চালক আফজাল হোসেন (৫৫)।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জেলার সাপাহার থেকে একটি অটোরিকশা পত্মীতলা উপজেলার নজিপুর বাজারের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালকসহ পাঁচজন গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে পত্মীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নূর ইসলাম ও আফজাল হোসেনের মৃত্যু হয়।