নিউইয়র্কের সুপরিচিত ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলের তিন-চতুর্থাংশ কক্ষকে ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট বানানোর পরিকল্পনা গ্রহণ করেছে এর নতুন চীনা স্বত্তাধিকারী। এর জন্য তিন বছর পর্যন্ত হোটেলটি বন্ধ রাখতে হতে পারে। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, আনবাং ইন্স্যুরেন্স গ্রুপ কো. এর সংস্কার পরিকল্পনা অনুসারে এই হোটেলের ১৪১৩টি কক্ষ বন্ধ করে দেয়া হবে। গুড়িয়ে দেয়া হবে হোটেলের ১১শ’টি কক্ষ। একইসঙ্গে শত শত কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে। সংস্কার কাজ শেষে যখন এটি আবারো চালু হবে তখন হোটেলটিতে অতিথিদের জন্য মাত্র তিন থেকে পাঁচশ কক্ষ থাকবে। এগুলোর মান উন্নত করা হবে। বাকিগুলো ইউনিটগুলো ‘কনডোমিনিয়াম’ হিসেবে বিক্রি করা হবে।
হোটেলটির সংস্কার কাজে এক বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে বলে মনে করা হচ্ছে। আনবাং গ্রুপ গত বছর হোটেলটির মালিকানা নিতে এক দশমিক ৯৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে।
প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের সময় এই হোটেলটিতে থাকতেন। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্ক গেলে এই ওয়ালডর্ফ হোটেলে থাকেন।
