ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উজানচর নওপাড়া গ্রামে মৃতপ্রায় কাঁচামাটিয়া নদীর উপর একটি সেতুর কারণে দুর্ভোগ পোহাচ্ছে ১০ গ্রামের মানুষ। এলাকাবাসী দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো দিয়ে ব্রহ্মপুত্র নদের শাখা নদী কাঁচামাটিয়া পার হওয়ায় এলাকাটি সাঁকোরঘাট নামে পরিচিতি পেয়েছে।
সরেজমিন দেখা যায়, বর্তমানে কচুরিপানা জমাট বেঁধে এমন অবস্থা যে দূর থেকে বোঝার কোনো উপায় নেই এটিই এক সময়ের স্রোতস্বিনী কাঁচামাটিয়া। এ নদীতেই বাঁশের সাঁকো দিয়ে মাছুয়াডাঙ্গা, যাদুয়ারচর, লাঠিয়ামারী, খুলিয়ারচর, মমরেজপুর, ঘাগড়া, হাটভুলসোমা, উজানচর নওপাড়া, দেবস্থান ও উচাখিলা এলাকার মানুষদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে।
এছাড়া ওই এলাকার মমরেজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজানচর নওপাড়া প্রাথমিক বিদ্যালয়, চরনওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজীবপুর আপ্তাবউদ্দিন উচ্চ বিদ্যালয়, আব্দুল মতিন আইডিয়াল স্কুল, উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ভাটিরচর নওপাড়া দাখিল মাদ্রাসা, উচাখিলা কেরামতিয়া সিনিয়র মাদ্রাসা ও আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের শত শত শিক্ষার্থীকে সাঁকো পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদী পারাপারে প্রায় প্রতিদিনই ছোটখাট দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। অন্যদিকে সেতু না থাকায় উপজেলার চরাঞ্চলের উত্পাদিত সবজি পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। যে কারণে কৃষক উত্পাদিত সবজির ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে ।
আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান বলেন, সেতুর অভাবে প্রতিদিন শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। দুর্ভোগ লাঘবে এখানে সেতু নির্মাণ জরুরি।
নবনির্বাচিত রাজীবপুর ইউপি চেয়ারম্যান মোদাব্বিরুল ইসলাম জানান, সেতু না থাকায় ১০ গ্রামবাসীসহ ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। আগামী মাসিক সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার এ বিষয়ে বলেন, উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে সরেজমিন পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হবে।
