তেলবীজ চাষ সম্প্রসারণে সব ধরনের সহায়তা দেওয়া হবে :কৃষিমন্ত্রী

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:২৪

ইত্তেফাক রিপোর্ট

দেশের নতুন নতুন তেলবীজের জাত উদ্ভাবন করে তা ব্যাপকহারে আবাদ করে ভোজ্য তেলের আমদানি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (গবেষণা) প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।

মঙ্গলবার সচিবালয়ে তেলবীজ চাষ সম্প্রসারণ ও ভোজ্য তেলের উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যত্ করণীয় নির্ধারণের বিষয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, তেলবীজ চাষ সম্প্রসারণে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, একসময় ভোজ্য তেল হিসেবে সরিষাই প্রধান ছিল। সরিষা শুধু তেলই নয়। এ থেকে পুষ্টি সমৃদ্ধ খৈল পাওয়া যায় যা মত্স্য ও পশু খাদ্য হিসেবে বেশ চাহিদা রয়েছে। দেশে জনসংখ্যার মাথাপিছু ভোজ্য তেলের ব্যবহার বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশীয় ভোজ্য তেলের উত্পাদন বৃদ্ধি করতে হবে।

উল্লেখ্য, দেশে তেল ফসলের মধ্যে সরিষা, চীনাবাদাম, তিল, তিসি, সয়াবিন ও সূর্যমুখী প্রভৃতি চাষ হয়ে থাকে। গত মৌসুমে প্রায় সাত দশমিক ২৪ লাখ হেক্টর জমিতে  তেলবীজ ফসল চাষ করা হয়। এ থেকে ৯ দশমিক ৭০ লাখ টন তেল উত্পন্ন হয় যা প্রয়োজনের মাত্র ৯ থেকে ১০ শতাংশ। সভায় কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।