এএসইবির সংবাদ সম্মেলন
ইত্তেফাক রিপোর্ট
পাবলিক পরীক্ষার সময় কোচিং সেন্টার খোলা রাখার দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (এএসইবি)। গতকাল বুধবার সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনের নেতারা বলেন, কোচিং সেন্টারগুলো পাবলিক পরীক্ষার জন্য বন্ধ রাখা হলে মধ্যবিত্ত, দরিদ্র ও দুর্বল শিক্ষার্থীরা একদিকে যেমন নিজ প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে, অপরদিকে কোচিং সেন্টার বন্ধ থাকার কারণেও চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা বলেন, পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টারগুলো খোলা থাকলে শিক্ষা বৈষম্য কমে আসবে। এছাড়া শিক্ষার্থীদের পড়ালেখার গতি অব্যাহত থাকবে ও অভিভাবকরাও দুশ্চিন্তামুক্ত থাকবেন।
কোচিং সেন্টার পরিচালনায় একটি নীতিমালা হলে এটি শৃঙ্খলার মধ্যে আসবে বলে মনে করেন তারা। বিচ্ছিন্নভাবে আর কেউ প্রতিষ্ঠান পরিচালনার নামে অনিয়ম করতে পারবে না। সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক এমাদুল হক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক ও মুখপাত্র মাহামুদুুল হাসান সোহাগ, যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আরেফিন, সামসেয়ারা খান ডলি, আকমল হোসেন, পলাশ সরকার প্রমুখ।
