শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য নতুন কিছু টুল চালু করেছে গুগল। এর মধ্যে আছে 'কাস্ট ফর এডুকেশন', এক্সপেডিশন, কুইজেজ'সহ আরও কিছু সেবা।
'দ্য কাস্ট ফর এডুকেশন ক্রোম' অ্যাপ শিক্ষক ও শিক্ষার্থীদের প্রজেক্টরের সাথে সংযুক্ত মূল কম্পিউটারকে একটি প্রক্ষেপিত গন্তব্যে পরিণত করার সেবা দেবে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা একটি সংযুক্ত পিসি'তে প্রবেশ করতে পারবে। অবশ্য শিক্ষকরা চাইলে শিক্ষার্থীদের সংযুক্ত হওয়ার অনুরোধ রাখতেও পারেন, আবার না রাখতেও পারেন।
এক্সপেডিশন নামের আরেকটি টুল চালু করেছে মার্কিন সার্চ জায়ান্ট। এটি মূলত একটি অ্যাপ যার বেটা সংস্করণ গত বছরের সেপ্টেম্বরে চালু করা হয়। অ্যাপটি এবার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। শিক্ষকরা এই অ্যাপ বেশ কিছু সংখ্যক ডিভাইসে ডাউনলোড করতে পারবেন এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু কাজ করতে পারবেন। অ্যাপটি গুগল কার্ডবোর্ডের সাথে সংযুক্ত থেকে কাজ করবে এবং এটি কেবল অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসে চলবে।
আরও যে ফিচারটি চালু করেছে গুগল তার নাম হলো 'কুইজেজ'। এটি শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে বহু নির্বাচনী প্রশ্নপত্র তৈরির সেবা দেবে।
এছাড়াও বিদ্যালয়গামী শিক্ষার্থীদের জন্য আরও কিছু নতুন অ্যাপের ঘোষণা দিয়েছে গুগল। এর মধ্যে আছে 'এক্সপ্লেইন এভরিথিং', 'সাউন্ডট্র্যাপ', এবং 'উইভিডিও'। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।
