খাগড়াছঢ়ির মাটিরাঙ্গা উপজেলায় স্বামী ও স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন এনামুল হক (৫০) ও পারভিন আক্তার (৩৫)।
বুধবার সকালে উপজেলার বেলছড়ি ইউনিয়নের পাইপা এলাকায় স্বামী-স্ত্রীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ১১ টায় দূর্গম পাইপা এলাকার একটি লেকের পাড় থেকে দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, তাদের চার সন্তান রয়েছে। এদের মধ্যে এক ছেলে চট্রগ্রামে চাকরি করছেন। আর বাকী তিনজন এলাকায় দিনমুজুরের কাজ করেন। এ হত্যার ঘটনায় আবু তালেব (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। দুইজনের মাথা ও ঘাড়সহ শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন টিটু তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুজনই একটি আম বাগানের দেখভাল করতেন। এবং বাগানের পাশে তারা বসবাস করতেন। মনে হয় মঙ্গলবার বিকালের দিকে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
ওসি আরো জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
