বগুড়ার শাজাহানপুরে রিপন আহমেদ (৩৫) নামে এক প্রাইভেটকার চালকের হাত-পা বাধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার গোহাইল ইউনিয়নের শালিকা তেলিপাড়া ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রিপন আহমেদ বগুড়া সদরের নামুজা সোনাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে শালিকা গ্রামের বেলাল হোসেনের বাড়ির সামনে রাস্তার উপর একটি সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-৭৭৫২) পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরকিছু দূরে তেলিপাড়া ব্রিজের নিচ থেকে রিপন আহমেদের হাত-পা বাধা গলা কাটা লাশ পাওয়া যায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
