ভারতের হায়দ্রাবাদে সন্দেহভাজন ১১ আইএস জঙ্গি আটক

আপডেট : ২৯ জুন ২০১৬, ১৯:৫১
ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) অভিযানে সন্দেহভাজন ১১ আইএস জঙ্গিকে আটক করা হয়েছে। বুধবার তাদেরকে গ্রেফতার করা হয়। -দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
গ্রেফতারের পর পরই আটক ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ’র হেফাজতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর ১০ টি স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সন্দেহ করা হচ্ছে গ্রেফতারকৃতরা বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। আরো ধারণা করা হচ্ছে, তাদের সঙ্গে সিরিয়ার আইএসের যোগসূত্র রয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
 
এর আগে জানুয়ারি মাসেও একই ধরনের অভিযানে বেশ কয়েকজনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য রয়েছে যে, যুব সমাজকে টার্গেট করে এই জঙ্গিরা সদস্য বাড়ানোর জন্য গোপনে কাজ করে যাচ্ছে। তুরস্কের আতাতুর্ক বিমানবন্দরে সন্দেহভাজন আইএস জঙ্গিরা যখন হামলা চালায় ঠিক তার কাছাকাছি সময়ে তাদের গ্রেফতার করা হলো।