সিসিএস ও একাডেমির ক্রিকেটারদের পাওনা মেটালো বিসিবি

আপডেট : ২৯ জুন ২০১৬, ১৯:৫৭
 অবশেষে প্রিমিয়ার ক্রিকেট লিগের দু’টি দল কলাবাগান ক্রিকেট একাডেমি ও ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) পাওনার ৩০ শতাংশ পরিশোধ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রিমিয়ার লিগের মাঝপথেই ক্রিকেটারদের বকেয়া পাওনার বিষয়টি আলোচনায় আসে। 
 
বেশ কয়েকটি ক্লাবই চুক্তি অনুযায়ী পাওনা পরিশোধ করেনি। সবচেয়ে নাজুক অবস্থা গেছে সিসিএস-এর খেলোয়াড়দের। তাদের বেশিরভাগ খেলোয়াড়কে পরিশোধ করা হয়েছে পাওনার ৮-১০ শতাংশ অর্থ। কয়েকজন পেয়েছেন সর্বোচ্চ ১৫ শতাংশ। বাধ্য হয়েই খেলোয়াড়দের পাওনা টাকা পরিশোধের দায় নিয়েছিল বিসিবি। ফলে সিসিএস ও একাডেমির খেলোয়াড়দের পাওনার ৩০ শতাংশ অর্থ পরিশোধ করলো বিসিবি। 
 
বিসিবি কার্যালয়ের হিসাব বিভাগ থেকে চেক গ্রহণ করেছেন সিসিএস ও একাডেমির খেলোয়াড়রা। বিসিবির একটি সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে বকেয়া থাকা অন্য ক্লাবগুলোর খেলোয়াড়দের পাওনার ৩০ শতাংশও পরিশোধ করা হবে। ঈদের পর পাওনার অবশিষ্ট অংশ খেলোয়াড়দের দেয়া হবে বলে আশ্বাস দিয়েছে বিসিবি।