চৌগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের চৌগাছার এবিসিডি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার বিচার চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে শহরের ভাস্কর্য মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা। মানববন্ধনের আগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করে। এ সময় ১৫ জন অভিভাবক ও শিক্ষার্থীদের স্বাক্ষর সংবলিত একটি অভিযোগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলমের নিকট জমা দেন বিক্ষোভকারীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের লিখিত একটি অভিযোগ পেয়েছি। মঙ্গলবার মোবাইল ফোনে অভিযোগ পেয়ে প্রাথমিকভাবে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হয়েছে। বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি করে দেওয়া হবে। তারা তদন্ত করে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবেন। দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান শিক্ষক শাহাজান কবির বলেন, একটি মহল আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করছে।
