রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাথমিক হিসাবে দেখা গেছে, ২০১৫-২০১৬ অর্থবছরে দেড় লাখ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে এক লাখ ৫৪ হাজার ৭৮৪ কোটি টাকা। রাজস্ব আদায় বেড়েছে ১৪ শতাংশ।
অবশ্য অর্থবছরের শুরুতে ২৯ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছিল ১ লাখ ৭৬ হাজার ৩২০ কোটি টাকা। পরে এই লক্ষ্যমাত্রা কমিয়ে দেড় লাখ কোটি টাকা করা হয়।
নতুন অর্থবছরের জন্য ৩৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ তিন হাজার কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, গতবারের ন্যায় আসছে অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রাও অর্জনযোগ্য নয়। ফলে বছরের শেষ দিকে এসে ফের রাজস্ব লক্ষ্যমাত্রা কমিয়ে আনতে হতে পারে। পূর্বের অর্থবছরেও রাজস্ব আদায় বেড়েছিল ১৩ শতাংশের কিছু বেশি।
এনবিআর সূত্র জানিয়েছে, শেষ হতে যাওয়া অর্থবছরে আমদানি শুল্ক আদায়ে প্রবৃদ্ধি তুলনামূলক ভালো (১৭ শতাংশ)। রাজস্বের তিনটি খাতের মধ্যে আয়কর আদায়ে প্রবৃদ্ধি তুলনামূলক কম। এটি মাত্র ১২ দশমিক ১৮ শতাংশ। ভ্যাট আদায় বেড়েছে ১৩ দশমিক ৬১ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে আমদানি শুল্ক থেকে আদায় হয়েছে ৪৪ হাজার ৮৫৫ কোটি টাকা। আগের অর্থবছরে আদায়ের পরিমাণ ছিল ৩৮ হাজার ৩৩২ কোটি টাকা। ভ্যাট ও আয়কর থেকে আদায় হয়েছে যথাক্রমে ৫৫ হাজার ৬৮৪ কোটি টাকা ও ৫৪ হাজার ২৪৫ কোটি টাকা। পূর্বের অর্থবছরে আদায়ের পরিমাণ ছিল যথাক্রমে ৪৮ হাজার ৯৯৮ কোটি টাকা ও ৪৯ হাজার ৯৯৩ কোটি টাকা।
