ঈদের আগে বাড়ছে ডিএসইর লেনদেন

আপডেট : ২৯ জুন ২০১৬, ২১:২৯
ঈদুল ফিতরের আগে শেয়ারবাজারে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে লেনদেন। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় ছয়শ কোটি টাকা যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল।
 
লেনদেন বেড়ে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টস্-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ব্লক মার্কেটে লেনদেন বেড়ে যাওয়ায় বাজারের লেনদেন বেড়ে গেছে। এছাড়া বাজারের দিকে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় লেনদেন বেড়েছে।
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, অর্থবছরের শেষ দিকে সাধারণ কিছু বিনিয়োগকারী পুঁজিবাজারে বিনিয়োগ করেন। নানা ধরনের করের সুবিধা নিতে তারা এ বিনিয়োগ করেন। বর্তমানে কেউ কেউ এ সুযোগ নিতে বাজারে বিনিয়োগ করছেন। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগও বেড়েছে। ফলে গত কয়েকদিন ধরে বাজারে লেনদেন বেড়ে গেছে।
 
ডিএসইর তথ্যে দেখা গেছে, বুধবার ডিএসইতে ৫৮৬ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আর মঙ্গলবার ডিএসইতে ৩৮৮ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছিল। এ হিসাবে বুধবার ১৯৭ কোটি ৫৭ লাখ টাকার বা ৫০ দশমিক ৮৩ শতাংশ বেশি লেনদেন হয়েছে।
 
এদিকে লেনদেন বাড়ার পাশাপাশি বাজারের সূচকও বেড়েছে। বুধবার ডিএসইর সার্বিক মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ পয়েন্ট। এতে ডিএসইএক্স চার হাজার ৪৭০ পয়েন্টে দাঁড়ায়। এর আগে মঙ্গলবার ৩৮ পয়েন্ট ও সোমবার ৩২ পয়েন্ট বেড়েছিল ডিএসইর সার্বিক মূল্য সূচক। বুধবার ডিএসইতে ৩১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৮টি কোম্পানির দর  বেড়েছে, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টির।