২ ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বিজিবি। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের ৩৬ বিএসএফ ব্যাটালিয়নের পিরোজপুর ক্যাম্প কমান্ডারের কাছে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত পাঠানো ২ ভারতীয় হলো, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার জয়রামপুর গ্রামের আহসান সেখের ছেলে শাহাজালাল সেখ ও রাকিব সেখের ছেলে মৈদুল সেখ।
জানা গেছে, গত মঙ্গলবার ভারতের ৩৬ বিএসএফ ব্যাটালিয়নের পিরোজপুর ক্যাম্প এক পত্রের মাধ্যমে ৯ বিজিবিকে জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার বাংলাদেশি চোরাকারবারী মো. রিপন হোসেন ও তার সহযোগীরা ২ ভারতীয় নাগরিক শাহাজালাল সেখ ও মৈদুল সেখকে অপহরণ করে নিয়ে লুকিয়ে রেখেছে। এর পর তাদের উদ্ধারে বাখের আলী বিওপির বিজিবি সদস্যরা অভিযানে নামে। এক পর্যায়ে বিজিবির অভিযানের চাপের মুখে বুধবার অপহরণকারীরা ২ ভারতীয়কে ছেড়ে দিতে বাধ্য হয়। ছাড়া পেয়ে ২ ভারতীয় ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তরে এসে আশ্রয় প্রার্থনা করে। এর পর সন্ধ্যা ৭টার দিকে ভারতের ৩৬ বিএসএফ ব্যাটালিয়নের পিরোজপুর ক্যাম্প কমান্ডারের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আবুল এহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
