কোল্ড স্টোরেজে মিষ্টির মজুদ ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ৩০ জুন ২০১৬, ০১:০৬
চাঁদপুর শহরের পুরান বাজার কয়লাঘাটস্থ পূবালী আইস এন্ড কোল্ড স্টোরেজে জাটকা সংরক্ষণের খবর পেয়ে গত মঙ্গলবার সেখানে অভিযান চালায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের টহল সদস্যরা। তারা সেখানে কোনো জাটকা না পেলেও ১১৩টি প্লাস্টিক ড্রামে ১৭০ মণ মিষ্টি পান। বিষয়টি জেলা প্রশাসনকে জানানোর পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় মোহন্ত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসান। আলুর কোল্ড স্টোরেজে অবৈধভাবে মিষ্টি সংরক্ষণ করার অপরাধে কৃষ্ট ক্যাফে, ক্যাফে ঝিল, প্যারাডাইস সুইটস্, মিষ্টি মেলা, শ্রীকৃষ্ণ ঘোষ, খায়ের মুন্সী, যোগল ঘোষ, সুরেশ ঘোষ, করুণাময়ী মিষ্টান্ন ভাণ্ডার ও বালিয়ার মিষ্টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।  কোস্টগার্ড স্টেশন কমান্ডার সা. লেফ. এম আতাহার আলী জানান, আদালতের নির্দেশে ১৭০ মণ মিষ্টি জব্দ করে কয়লাঘাট ডাকাতিয়া নদীতে ফেলে বিনষ্ট করা হয়।  মিষ্টি ব্যবসায়ীরা জানান, তাদের মিষ্টিতে কোনো  কেমিক্যাল ব্যবহার করা হয় না। ১০-১৫ দিন সংরক্ষণে রাখার জন্য তারা কোল্ড স্টোরেজে রেখেছে। সব মিষ্টি ধ্বংস করায় তাঁরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।