ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ উপজেলায় আওয়ামী লীগের আট ‘বিদ্রোহী’ প্রার্থী

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার মধ্যে সাতটির নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আখাউড়া ও কসবায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে বাকি পাঁচ উপজেলায়ই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ওই পাঁচ উপজেলায় দলের আটজন ‘বিদ্রোহী’ প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আওয়ামী লীগ প্রার্থীদের।

পাঁচ উপজেলায় চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, তার সাথে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও; নাসিরনগরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফি উদ্দিন আহমেদ, তার সঙ্গে দলীয় বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার; সরাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান, বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান শের আলম (মোটরসাইকেল প্রতীক) এবং আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান (চিংড়ি মাছ); আশুগঞ্জে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হানিফ মুন্সী, বিদ্রোহী প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান এবং নবীনগর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ নেতা মোঃ নাসির উদ্দিন (আনারস প্রতীক) ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মনিরুজ্জামান (দোয়াত-কলম প্রতীক)।

এদিকে আখাউড়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম ভূঁইয়া ও কসবায় আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।