টেকনাফে অগ্নিকাণ্ডে ১০ বাড়ি ভস্মীভূত

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:৩১

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা বস্তিতে অগ্নিকাণ্ডে ১০টি বসতবাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার সকাল সোয়া ১১টার দিকে উপজেলার লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তির সি-১০ ব্লকের সালামের ভাড়া বাসায় অবস্থানকারী হোসেন জোহারের স্ত্রী ধলু বিবি রান্না ঘরের চুল্লি থেকে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মালামাল, নগদ টাকা ও খাদ্যদ্রব্যসহ ১০টি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায় বলে লেদা বস্তির সাবেক মেম্বার মোঃ ইলিয়াছ নিশ্চিত করেন।

অগ্নি দুর্ঘটনার খবর পেয়ে দুপুরেই ইউএনও মোঃ রবিউল হাসানের নেতৃত্বে আইওএম কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য, বিজিবি জওয়ানসহ একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

টেকনাফে ইয়াবাসহ দুই পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। গত বুধবার ভোররাতে র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বিজিবি ব্যাটালিয়ন রোডের নুর মোহাম্মদ মার্কেটে অভিযান চালিয়ে এসএস স্টিল পাইপের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের জন্য ফিটিং করা অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গাজীপুরের জয়দেবপুরস্থ কলমেশ্বর গ্রামের মুকুল আহমদের ছেলে মো. জসিম উদ্দিন (৩৪) ও ফেনী সদরের পশ্চিম ছাগলনাইয়ার আব্দুল কুদ্দুসের ছেলে মো. মোশারফ হোসেন (৩৩)-কে আটক করে। জব্দকৃত পাইপ তল্লাশি করে ২৪ হাজার ৩শ পিস ইয়াবা পাওয়া যায়।

ইয়াবাসহ আটক ব্যক্তির সাজা

টেকনাফে বিজিবি’র হাতে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের খারাংখালী বিওপির নায়েব সুবেদার মো. আব্দুল মান্নান গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং নয়াবাজারস্থ কাচার পাড়ায় অভিযান চালিয়ে আব্দুল আলীমের ছেলে শেখ আহমদ (৫৩) কে ১৩ হাজার ১শ ২০ পিস ইয়াবাসহ আটক করে। আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫শ টাকা জরিমানা করে। সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।