যশোরের চৌগাছা উপজেলায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের মারপিটে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত রুমা রাণী (২০) উপজেলার পাতিবিলা গ্রামের সুভাষের স্ত্রী।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাহিয়ান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্বজনেরা রুমাকে গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর তার লাশ রেখে স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যায়।
চৌগাছা থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আহসান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, পাতিবিলা গ্রামের সুভাষ মানসিকভাবে অসুস্থ হওয়ায় কয়েকদিন আগে তাকে যশোর সদরের কোনো এক আত্মীয়র বাড়িতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে গোলযোগের সূত্র ধরে রুমাকে কোদাল দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে।’
