শরণার্থী ক্যাম্পে আনসার হত্যা: ৫ ‘রোহিঙ্গা’ আটক

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৭:২২
কক্সবাজার জেলার টেকনাফের মোচনী শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাকে এক আনসার সদস্যকে হত্যা এবং সেখান থেকে অস্ত্র লুটে নেয়ায় জড়িত থাকার অভিযোগে ৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ‌আটক সবাই মিয়ানমারের নাগরিক বলেও দাবি করেছে ‌র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। আটক রোহিঙ্গাদের নাম, ঠিকানা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তারা। 
 
বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টার দিকে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের পার্শ্ববতী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ ৫ মিয়ানমার নাগরিককে আটক করা হয়।  এ তথ্য জানান র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট এসএম শরাফত।
 
এস এম শরাফত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। নাম, পরিচয় এবং জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলেও জানান র‌্যাব কমান্ডার।
 
গত ১৩ মে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ব্যারাকে হামলা চালায় মুখোশ পরিহিত ৩০/৩৫ জন সশস্ত্র হামলাকারী।
 
ওই ঘটনায় আনাসার ব্যারাকের কমান্ডার মো. আলী হোসেনকে গুলি করে হত্যা করা হয়। হামলাকারীরা ব্যারাকের অস্ত্রাগার থেকে ১১টি আগ্নেয়াস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।