সিরাজগঞ্জ প্রতিনিধি ও শাহজাদপুর সংবাদদাতা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার দক্ষিণপাড়া গ্রামে মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মধু প্রামাণিক নামের ট্যাংকলরি শ্রমিককে পাশের বাড়ির জাহাঙ্গীর গং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত মধু ওই গ্রামের হাজী শহীদ প্রামাণিকের ছেলে। নিহতের ছেলে সাব্বির হোসেন জানান, মঙ্গলবার মধু প্রামাণিকের চাচাতো ভাই স্বপনের বৌভাত অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে রাতে সাউন্ডবক্সে গান বাজনো নিয়ে মৃত হাছেন সরকারের ছেলে জাহাঙ্গীর সরকারের সঙ্গে মধুর ছেলে সাব্বিরের কথা কাটাকাটি হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে জাহাঙ্গীর সরকারের ছেলে মিঠুন সরকারসহ তার পক্ষের ১৬/১৭ জন অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মধু প্রামাণিককে গুরুতর আহত করে। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে পোতাজিয়া ও পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া বলেন, মধুর লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গ থেকে ময়না তদন্ত শেষে পরিবারকে বুঝিয়ে দেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের ভাই আব্দুল মতিন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।
