সুন্দরবনে অবৈধ প্রবেশ : ১৬ জেলে আটক

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৭:১৮
সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ১০টি ফিশিং ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিম।
 
বৃহস্পতিবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ও চরখালীর মাঝেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়। শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিমের প্রধান ও জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা মেহেদী হাসান খান এতথ্য নিশ্চিত করেছেন।
 
বন বিভাগ জানায়, সুন্দরবনে বারবার অগ্নিকাণ্ডের ঘটনার পর পূর্ব সুন্দরবনে সব ধরনের পাশ পারমিট বন্ধ করে দেয়া হয়। গত ২৫ জুন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় বন বিভাগ। এই সুযোগে জেলেরা অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ শিকার শুরু করে। বৃহস্পতিবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর এলাকা থেকে ৬টি ফিশিং ট্ররারসহ ১২ জেলে ও চরখালীর মাঝেরচর এলাকার বলেশ্বর নদীর পশ্চিম পাড় থেকে ৪টি ফিশিং ট্ররারসহ ৪ জেলেকে স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা আটক করে। এ সময় বেশ কয়েকজন জেলে সুন্দরবনের গহীণ অরণ্যে পালিয়ে যায়।