কুড়িগ্রামের রৌমারীতে বন্যার পানিতে ভারত থেকে ভেসে আসা একটি বুনোহাতি গত তিনদিন ধরে ব্রহ্মপুত্র নদে ভাসছে। হাতিটি উদ্ধারের কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
ভারতের শিশুমারা এলাকা থেকে বুনোহাতিটি বানের পানির স্রোতে ভেসে এসে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। নদের স্রোতে ভাসতে ভাসতে বৃহস্পতিবার হাতিটি রাজীবপুর উপজেলার মোহনগনঞ্জ ইউনিয়নের একটি চরে আশ্রয় নিয়েছে।
এদিকে রৌমারী, রাজীবপুর ও চিলমারী বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা ইকবাল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা সাফারিপার্কের এবং বন্য প্রাণি সংরক্ষণ রাজশাহীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
অপরদিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীও হাতিটি উদ্ধার করে ফেরত দেয়ার অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে আন্তর্জাতিক সেইন পিলার নং ১০৫২ এর কাছ দিয়ে বানের পানিতে ভেসে আসে হাতিটি। পরে সাহেবের আলগা ইউনিয়নের চরবাগুয়ার চর নামক স্থানে হাতিটি আটকা পড়ার পর জানাজানি হয়।
