ইবির ভিসিকে অব্যাহতি

আপডেট : ৩০ জুন ২০১৬, ২০:০৩
ইসলামী ‍বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকারকে অব্যাহতি দেয়া হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে এ সংক্রান্ত ফ্যাক্স বার্তা শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ ভিসিকে অপসারণ সংক্রান্ত ফ্যাক্স বার্তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তবে অব্যাহতি পত্রে ভিসি অপসারণের কোন কারণ উল্লেখ করা হয়নি। এছাড়া নতুন কাউকে ভিসির দায়িত্বও দেয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের চ্যাঞ্চেলর ও রাষ্ট্রপতির আদেশবলে ভিসিকে অপসরাণ করা হয়।
 
উল্লেখ্য, ২০১২ সালে ৩১ ডিসেম্বর অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার ইবির ভিসি হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকে তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। ফলে বিশ্ববিদ্যালয়ে ভিসিপন্থী-শিক্ষক কর্মকর্তা ও ভিসিবিরোধী শিক্ষক কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এদিকে ভিসির আর্থিক অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা সরেজমিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত রিপোর্ট দাখিল করে। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতেই ভিসি ড. অব্দুল হাকিম সরকারকে অব্যাহতি দেয়া হয়।