দেশের ‘বাজরঙ্গি ভাইজানের’ মিশন অবশেষে সফল হয়েছে। মায়ের কোলে ফিরেছে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ছয় বছর আগে বাংলাদেশে পাচার হওয়া শিশু সনু। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দিল্লি পৌঁছায় ১২ বছর বয়সের অভিরূপ সনু। পরে তাকে তার মা-বাবার কাছে তুলে দেওয়া হয়। এর আগে বুধবার মা মুমতাজকে সনুর ফেরার খবরটি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতের এনডিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
২০১০ সালে ভারতের নয়াদিল্লি থেকে সনুকে অপহরণ করে বরগুনার বেতাগী উপজেলার গেরামর্দন গ্রামে নিয়ে আসে একটি পাচারকারী চক্র। বিষয়টি প্রতিবেশী জামাল ইবনে মুসার চোখে পড়ার পর থেকে তিনি সনুর নাম-পরিচয় খুঁজতে থাকেন। সবশেষে চলতি বছর মে মাসে নিজ খরচে জামাল বিন মুসা ভারতের নয়াদিল্লির পথে পথে ঘুরে দিল্লির দিলশাদ গার্ডেন এলাকায় সনুর মা-বাবাকে খুঁজে পান। শিশু সনুকে উদ্ধারের এসব প্রচেষ্টায় জামাল বিন মুসার ওপর ক্ষুব্ধ হয় পাচারকারী চক্র। তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে পাচারকারীরা। যে কারণে একাধিকবার জেলে যেতে হয় জামাল ও তার ছেলেসহ স্বজনদের। এসব মামলায় দুই দফায় এক মাস ১৯ দিন জেল খাটেন তিনি। হারাতে হয় উপার্জনের একমাত্র মাধ্যম বেসরকারি চাকরিটিও। একটি অপহূত শিশুর জন্য একজন জামাল বিন মুসার এই মানবিক প্রচেষ্টা নিয়ে ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশের পর দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা সনুকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দিতে দ্রুততার সঙ্গে সব ধরনের ব্যবস্থার আশ্বাস দেন। এরপর গত মঙ্গলবার বিকালে সনুকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের জিম্মায় দেয় বরগুনার আদালত। আগের দিনের দেওয়া এক লাখ টাকা জামানতের শর্ত শিথিল করে তাকে হাইকমিশনের জিম্মায় দেওয়া হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন সনুকে উদ্ধারকারী বাংলাদেশের বাজরঙ্গি ভাইজান খ্যাত জামাল বিন মুসা।
গতকাল বাংলাদেশ থেকে একটি ফ্লাইটে দিল্লি পৌঁছায় সনু। হারানো সন্তান ফিরে পেয়ে খুশিতে আত্মহারা সনুর মা মুমতাজ ও বাবা মেহবুব। সনুকে নিয়ে বিমানবন্দর থেকে তারা যান পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাত্ করতে। এ সময় সনুকে কাছে টেনে আদর করেন সুষমা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকাশ স্বরুপ টুইটারে এক বার্তায় বলেন, গীতা থেকে গুরুপ্রিত এবং এখন সনু। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শিশু সনুকে ভারতে স্বাগত জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে ভারতে বলিউড অভিনেতা সালমান খান অভিনীত চলচ্চিত্র ‘বাজরঙ্গি ভাইজান’ মুক্তি পায়। যেখানে ভারতে হারিয়ে যাওয়া একটি পাকিস্তানি বোবা শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সফল হন ‘বাজরঙ্গি ভাইজান’।
