প্রায় প্রতি সপ্তাহেই নতুন নতুন ফিচার এনে তাক লাগিয়ে চলেছে হোয়াটসঅ্যাপ। অ্যাপটি আপডেট করলেই ফিচার তালিকায় যুক্ত হয়ে যায় নতুন কিছু ফিচার। ফলে পুরনো হয়ে গেলেও ব্যবহারকারীদের কাছে এটি এখনও সবচেয়ে জনপ্রিয়। কেবল একটা ফোন নম্বর থাকলেই স্মার্টফোনে অ্যাক্টিভেট হয়ে যায় ফেসবুক অধিকৃত এই অ্যাপ।
জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ যারা ব্যবহার করেন, তারা জানেন বন্ধুদের কাছ থেকে নানা ধরনের ফরোয়ার্ড করা মেসেজ এসে পৌঁছায়। কোথাও থাকে বিনামূল্যে ঘড়ি জিতে নেওয়ার অফার, আবার কোথাও হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং চালু করার অপশন। তবে জেনে রাখা ভাল, বেশ কিছু লিঙ্ক কিন্তু আপনার ফোনের ক্ষতি করতে পারে। তাই সতর্ক থাকতে হবে।
ইদানিং হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে। মেসেজটিতে একটি লিঙ্ক দেওয়া রয়েছে এবং লিঙ্কের নিচে লেখা, হোয়াটসঅ্যাপ ভিডিও কল অ্যাক্টিভেট করার জন্য মেসেজটি অন্যান্য গ্রুপে শেয়ার করুন।
কয়েক মাস আগেও হোয়াটসঅ্যাপ ভয়েস কল অ্যাক্টিভ করার জন্য একই ধরনের মেসেজ আসত। লিঙ্কটিতে ক্লিক করলেই বেশ কিছু অন্য ওয়েবসাইট খুলে যাবে। সেগুলো হয় ম্যালওয়্যার আর নয়তো বিজ্ঞাপনের পেজ। এই পেজগুলো থেকে আপনার ফোনে ভাইরাস ঢোকার সম্ভাবনা থাকে। তাছাড়া ওই স্ক্যাম পেজে ঢুকলেই ওয়েবসাইটগুলো টাকা কামাতে থাকে।
IMG0
তবে স্বস্তির বিষয়, লিঙ্কটি এখন খুলছে না। তাই এখনই সতর্ক হয়ে যান। ভুল করেও এই ধরনের লিঙ্কে ক্লিক করবেন না। বন্ধুদেরও জানিয়ে দিন, মেসেজটি ফরোয়ার্ড না করতে। ফোনকে সুরক্ষিত রেখেই জনপ্রিয় এই মেসেজিং সাইট ব্যবহার করা ভাল নয় কি?
