রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। ব্রহ্মপুত্র নদের ভাঙনের সমস্যা দূর করা হবে। ব্রহ্মপুত্রের ভাঙনকবলিত মানুষের দুঃখ-দুর্দশা আর থাকবে না।
বুধবার রৌমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে বলদমারা নৌকাঘাটে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় রৌমারীতে একটি নোঙ্গরখানার দায়িত্বে ছিলেন তিনি। এ অঞ্চলের নদী ভাঙনকবলিত দরিদ্র মানুষের কথা তিনি জানেন। ব্রহ্মপুত্রের ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চল রৌমারীকে রক্ষা করা হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান এবং জেলা প্রশাসক কুড়িগ্রাম সুলতানা পারভীন। উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কুড়িগ্রাম মেহেদুল করিম, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ প্রমুখ।
