হুয়াওয়ে অনার ৭, অল্প বাজেটে গল্প করার মতো এক ফোন। মূলত ওয়ান প্লাসকে টেক্কা দিতে এই ফোন বাজারে আনে চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ডিভাইসটির কনফিগারেশন বেশ ভাল, তাই ডিভাইসটি বাজারে আসার পর হুয়াওয়ের লক্ষ্য হাসিল হয় খুব সহজে।
এবার 'হুয়াওয়ে অনার ৮' নামের আরেকটি মডেল আনতে যাচ্ছে সংশ্লিষ্টরা। এ নিয়ে নানা মাতামাতি চলছে প্রযুক্তিবিশ্বে। সর্বশেষ খবর, ১১ জুলাই আসছে এই বহুল প্রত্যাশিত স্মার্টফোন। ওই দিন নতুন ডিভাইস উন্মোচনকে কেন্দ্র করে এক ইভেন্টের আয়োজন করেছে হুয়াওয়ে কর্তৃপক্ষ।
তবে ডিভাইসটি চীনের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে কবে থেকে বিক্রি হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি হুয়াওয়ে কর্তৃপক্ষ।
চীনভিত্তিক প্রতিষ্ঠানটি নতুন ডিভাইস উন্মোচন ঘিরে একটি টিজার ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, অনার ৮ স্মার্টফোনে ৫ দশমিক ২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমচালিত এ ডিভাইসে অক্টা-কোর কিরিন ৯৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
৪ গিগাবাইট র্যামের স্মার্টফোনটি এনএফসি, ব্লুটুথ ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সমর্থন করবে। এতে ২৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। ডিভাইসটিতে ডুয়াল-রিয়ার ক্যামেরা থাকবে।
