'পেপার' নামের নিজেদের একটি অ্যাপ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক। সংবাদ পড়ার ওই অ্যাপে রাজনীতি, প্রযুক্তি, খাদ্যসহ নানান বিষয়ের কাস্টমাইজড নিউজ পেতেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম 'দ্য ভার্জ' শুক্রবার এক খবরে জানিয়েছে, অ্যাপটি ভিজিট করতে গেলেই নতুন এক মেসেজ পাচ্ছেন ব্যবহারকারীরা, যাতে বলা হচ্ছে ২৯ জুলাইয়ের পর এটি আর কাজ করবে না।
সূত্রের খবরে প্রকাশ, ২০১৪ সালের জানুয়ারিতে কেবল আইওএস প্ল্যাটফর্মের জন্য পেপার চালু করে ফেসবুক। ২০১৫ সালের মার্চে সর্বশেষ আপডেট করা হয় অ্যাপটি। এটি জনপ্রিয়তা না পাওয়ায় অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য কোনো সংস্করণ চালু করেনি সংশ্লিষ্টরা।
অ্যাপ অ্যানি নামের এক গবেষণা প্রতিষ্ঠানের মতে, ২০১৪ সালের জানুয়ারিতে চালু করা অ্যাপটি ওই বছরের ডিসেম্বর পর্যন্ত সময়কালে সর্বাধিক-ডাউনলোড করা ১ হাজার ৫০০ অ্যাপের তালিকায় ছিলো না।
পেপার-এর অনেক পরে 'ইনস্ট্যান্ট আর্টিকেল' চালু করে ফেসবুক। অল্প সময়ের মধ্যে এটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। ইনস্ট্যান্ট আর্টিকেল-এর জনপ্রিয়তা বাড়ায় পেপার-এর প্রতি মনোযোগ দেয়া বাদ দেয় ফেসবুক। আর এবার তা বন্ধ করে দেয়ারই সিদ্ধান্ত নিয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান।
