সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা কলারোয়ায় স্বামীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্ত্রী শাপলা খাতুন ও তার প্রেমিক কবিরুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করেছে আদালত। বুধবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুণাভ চক্রবর্ত্তী এ রায় ঘোষণা করেন। কবিরুল একই গ্রামের মৃত আমিন ঢালীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, কলারোয়া উপজেলার পাঁচনল গ্রামের নূর মোহাম্মদের স্ত্রীর সাথে কবিরুল ইসলাম পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার এক পর্যায়ে নূর মোহাম্মদ তার স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়। এতে তার স্ত্রী শাপলা ও প্রেমিক কবিরুল ক্ষিপ্ত হয়ে ২০১০ সালের ১৩ ডিসেম্বর রাত ২টার দিকে নূর মোহাম্মদকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহত নূর মোহাম্মদের বোন ফরিদা খাতুন কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মেজবাহ উদ্দীন ও জিয়াউর রহমান দীর্ঘ তদন্ত শেষে এ মামলার আসামি শাপলা খাতুন ও তার প্রেমিক কবিরুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
গতকাল বুধবার এ মামলায় নিহতের দুই ছেলে মোস্তাক আহমেদ ও মোস্তাক হাসানসহ ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিল।
