কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইউপি মেম্বার নুরুল বাহারকে (৪৫) গ্রেফতার শেষে থানায় সোপর্দ করা হয়েছে।
শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা (সালুকিয়া) গ্রামের বাসিন্দা ও ৭নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার।
জানা গেছে, সম্প্রতি পুলিশ বাহারের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক আটক করে। এ ঘটনায় বাহারের বিরুদ্ধে মামলা হলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ কুমিল্লার সদস্যরা তাকে স্থানীয় একটি দোকানের সামনে থেকে গ্রেফতার করে। পরবর্তীতে বাহারকে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করলে শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
