সৈয়দপুরে ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালে

আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৫:৩৭
 
নীলফামারীর সৈয়দপুরে ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। শুক্রবার ভোরে সৈয়দপুর পৌর এলাকার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সৈয়দপুর শহরে প্রবেশের বিকল্প ওই সড়কে সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
 
জানা গেছে, ঘটনার দিন ভোরে একটি বালু বোঝাই ট্রাক (চট্টগ্রাম-ট-১১-০৪৫৭) ঝুঁকিপূর্ণ ওই ব্রিজ অতিক্রম করছিল। এ সময় বালু বোঝাই ট্রাকটি ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ট্রাক চালক মো. রবিউল ইসলাম (৫০) থানায় নিয়ে যায়। তার বাড়ি চুয়াডাঙ্গার বাগান এলাকায়। 
IMG0
ট্রাক চালক রবিউল ইসলাম জানান, তিনি পঞ্চপড়ের ভজনপুর থেকে ট্রাকে বালু বোঝাই করে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। মূল সড়ক হয়ে না গিয়ে তিনি বিকল্প সড়ক দিয়ে সৈয়দপুর শহর হয়ে যাচ্ছিলেন। ভোরে ট্রাক নিয়ে ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে বালু বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে। তবে তিনি ও তার সহকারি (হেলপার) কেউ আহত হননি।