বরিশাল অফিস
বরিশাল জেনারেল হাসপাতালের পুরাতন পাঁচটি ভবন ভেঙে ২৫০ শয্যার নতুন হাসপাতাল ভবন নির্মাণের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। বুধবার তিনি বরিশাল জেনারেল হাসপাতাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং নির্মাণাধীন ২০০ শয্যার শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল পরিদর্শন করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জেনারেল হাসপাতালের পুরাতন ৫টি ভবন খুবই ঝুঁকিপূর্ণ। ১শ’ শয্যার হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত এবং ভবন নির্মাণের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়। স্থাপত্য বিভাগের অনাপত্তি নিয়ে এগুলো ভেঙে নতুন ভবন নির্মাণের নির্দেশ দেন তিনি। একই সাথে নির্মাণাধীন ২শ’ শয্যা বিশিষ্ট শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতালের নির্মাণ কাজ দ্রুতগতিতে করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
এসময় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
