রাবি সংবাদদাতা
ঢাকায় বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের আমতলা থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এসময় ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও ঘাতক চালকের বিচারের দাবি জানান। পরে প্রক্টোরিয়াল বডির আশ্বাসে মহাসড়ক থেকে এসে পুনরায় মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এর আগে একই দাবিতে ক্যাম্পাসে লোকপ্রশাসন বিভাগ মৌন মিছিল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ মানববন্ধন করে।
