ভারতের উত্তরাখণ্ডে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমি ধসে ২৯ জনের মৃত্যু হয়েছে। সেখানে আরো ১৫ জন নিখোঁজ রয়েছে।
পিথোরাগড় জেলায় শুক্রবার রাতে ভূমিধসে ছয়টি বাড়ি চাপা পড়ে। এতে তিন শিশুসহ ১১ জন প্রাণ হারান। তিন বছর আগে সেখানে মারাত্মক বন্যায় প্রায় ছয় হাজার মানুষ নিহত হয়েছিল।
শনিবার ভোরে চামোলি জেলায় সৃষ্ট আকস্মিক বন্যার পানির তোড়ে চারজন ভেসে যান। হরিদ্বারে গঙ্গা নদীর পানি বিপদসীমার দুই মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।
সেখানে মাত্র দুই ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বার্তা সংস্থা আইএএন এস জানায় প্রবল বৃষ্টিতে অধিকাংশ পাহাড়ি নদী প্লাবিত হয়ে ভূমি ধস ঘটায়।
দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার কাজ চালানোর জন্য জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) চারটি দলসহ সেনাবাহিনী ও সীমান্ত রক্ষীদের ডাকা হয়েছে। সূত্র: এনডিটিভি
